সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীর বালিথা মাঠপাড়ার এলাকার সাইদ সরদার কালু(৩০) নামক এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ আত্মহত্যার খবর পাওয়া যায়।
জানা গেছে, বালিথা মাঠপাড়ার মৃত লোকমান সরদারের পুত্র এবং ৩ সন্তানের জনক সাইদ। অভাবের চাপ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর উপর অভিমান করে সকলের অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে নিহতের বড় ভাই মাসুম সরদার বলেন, অভাবের কারণে সে খুব চাপে ছিল। হয়তো সেকারণে আত্মহত্যা করতে পারে।
তার স্ত্রী বলেন, গত ৩দিন আগে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল কিন্তু তা মিটে গেছে। সে কাল রাত থেকে একেক সময় একেক রকম কথাবার্তা বলছিল। সকালে আমাকে দোকানে পাঠিয়ে সে ঘরের ভিতর গ্যাস ট্যাবলেট খেয়েছে। আমি দোকান থেকে এসে দেখি তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন আমার স্বামী আমাকে বলে সে আর বাঁচবে না। তখন আমি ডাক চিৎকার দিলে আমার ভাসুরসহ স্থানীয় লোকজন এসে সদর হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার এস আই ইব্রাহিম মোল্লা বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বার্তা বাজার/এস এইচ






