ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটি ঘোচানোর একটি বড় সুযোগ এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।
শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া ক্র্যাবের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির নেতা এবং ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সদস্যদের সন্তানদেরও সম্মাননা জানানো হয়।
পরে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সংগীতশিল্পী আসিফ আকবর, জ্যোতি এবং তরুণ মুন্সী।
পুলিশের মনোবল পুনরুদ্ধার
ডিএমপি কমিশনার আরও বলেন, “ক্রাইম রিপোর্টার ও পুলিশ একই ধরনের কাজ করে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কাজ এগিয়ে যায়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে ছিল এবং থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, “জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন, বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে এবং পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। তবে সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই মনোবল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি।”
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এমএম বাদশাহ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকনসহ গণমাধ্যম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






