ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় কাপর জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় কাপর জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্যান্টের পিস জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মোট মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।জব্দকৃত মালামাল নিয়ে বিজিবি ১৫ একটি সংবাদ সম্মেলন করেছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ মার্চ সকালে রামখানা ও অনন্তপুর বিওপির দুটি বিশেষ টহলদল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান বাংলাদেশে আনার প্রস্তুতি নিচ্ছিল চোরাকারবারীরা। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং সকাল ১১টার দিকে অনন্তপুর বিওপির সদস্যরা অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৬৭টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের পিস জব্দ করা হয়।

১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ১৬৭টি স্বর্ণকাতান শাড়ির মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা, ৭৬টি সিল্ক শাড়ির মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা এবং ৩ থান প্যান্টের পিসের মূল্য ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৪ লাখ ৬৬ হাজার টাকা।

এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন