তেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিতিশীলতা রোধে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার মেসার্স রাহাত ফিলিং সেন্টার, মেসার্স তাজ ফিলিং স্টেশন, মেসার্স হালিম হাইওয়ে সার্ভিসেস ও ইউসুফ হাইওয়ে ফিলিং স্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) সজীব তালুকদার, বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুত পরিস্থিতি যাচাই করা হয়। দৈনন্দিন মজুতের সঙ্গে স্টক রেজিস্ট্রারে সংরক্ষিত তথ্যের মিল রয়েছে কিনা, কোথাও কম পরিমাপে তেল দেওয়া হচ্ছে কিনা এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা—এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
পাশাপাশি, অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির কোনো চেষ্টা আছে কিনা তাও খতিয়ে দেখা হয়।
এ সময় সাধারণ গ্রাহকদের অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল সংগ্রহ না করে ধৈর্য সহকারে স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানের অংশ হিসেবে লাইসেন্সবিহীন কয়েকটি যানবাহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






