কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। (১৫মার্চ) সোমবার দুপুরে উপজেলার দোশারীচোঁ মৌজাস্থ ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং খাল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে।
মন্ত্রী রশিদ ইয়াছিন বলেন, নির্বাচনের আগে দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয়েছিল এবং নির্বাচন শেষে অল্প সময়ের মধ্যেই সেই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। একইভাবে কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালুর প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে এবং পয়লা বৈশাখের আশপাশে তা চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়লে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। এ লক্ষ্যেই সরকার কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন সহায়ক উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী রশিদ ইয়াছিন বলেন, জিয়াউর রহমান-এর সময়ের মতো খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং মাছ উৎপাদনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের “দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন” কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় বিএডিসি-এর আওতাধীন “বি-স্ট্রং” প্রকল্পের মাধ্যমে এই খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূর হবে এবং এলাকার বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবে।
বার্তা বাজার/এস এইচ






