সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতির ইফতার মাহফিলে বাধা দেওয়ায় ইউনিয়ন শ্রমিক দলের নেতাকে সব পদ স্থগিত করে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে ঘুরকা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের সব পদ স্থগিতের কথা জানানো হয়।
অভিযোগ থেকে জানা যায় , জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু কর্তৃক আয়োজিত ইফতার বিতরণ কার্যক্রমে বাধা সৃষ্টি ও গোলযোগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং কোনো দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।
স্থানীয়রা জানিয়েছেন, ইফতার বিতরণ কর্মসূচিতে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে বাধা দেওয়া ও গোলযোগ সৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে স্থগিতাদেশ দেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিষয়টি জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






