ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওয়ারেন্টভুক্ত যুবদল কর্মী গ্রেপ্তার: বিএনপির বিক্ষোভ, সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম

ওয়ারেন্টভুক্ত যুবদল কর্মী গ্রেপ্তার: বিএনপির বিক্ষোভ, সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

ওয়ারেন্টভুক্ত এক যুবদল কর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে নীলফামারীর জলঢাকায় রাজনৈতিক উত্তেজনা বিস্ফোরিত হয়েছে। আটক কর্মীকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাকর্মীদের থানায় চাপ সৃষ্টি, পরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ ও বিক্ষোভ আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা মোড় এলাকা থেকে জিআর-০৩/০৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হাফিজকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ। তিনি উপজেলার বগুলাগাড়ি এলাকার মহাসিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ও বিএনপির কিছু নেতাকর্মী তাকে থানায় নেওয়ার বিষয়ে আপত্তি জানান এবং পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী (কমেট), স্বেচ্ছাসেবক দলের পৌর যুগ্ম আহ্বায়ক আবু তোরাব ইমন এবং ওমর ফারুক (ছোট বাবু)সহ প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী জলঢাকা থানায় গিয়ে আটককৃত আসামিকে ছেড়ে দেওয়ার দাবি জানান। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম উপস্থিত না থাকায় তারা মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন। এ সময় থানার ভেতরেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং প্রায় ১৫-২০ মিনিট ধরে তারা সেখানে অবস্থান করেন।

পরে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নেতৃত্বে প্রায় ৬০-৭০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে সড়ক অবরোধ করে আকস্মিক পথসভা করেন। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক হারুন অর রশিদ ও হাবিবুর রহমান ভিডিও ফুটেজ ধারণ শুরু করলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে। এ সময় সাংবাদিক নয়ন বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত ও মারধর করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পথসভায় বক্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া হাফিজ যুবদলের একজন কর্মী। তাদের দাবি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট থাকলে আগে দলীয় নেতাদের অবহিত করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

পথসভায় বক্তব্য দেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর রহমান, তাঁতিদলের সভাপতি আলমগীর হোসেন, কৃষকদলের নেতা আমজাদ হোসেন এবং শ্রমিকদলের সেক্রেটারি ইউনুস আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা থানায় গেলে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রায় এক ঘণ্টা ধরে চলা পথসভা শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ তুলে নেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন