চট্টগ্রাম সফরে এসে বুধবার (১৪ মে) সকালে সার্কিট হাউসে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সকাল সোয়া ৯টার দিকে বিমানযোগে চট্টগ্রামে অবতরণ করেন তিনি। পরে সরাসরি চট্টগ্রাম বন্দরে যান এবং সেখানে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি সড়কপথে নগরীর সার্কিট হাউসে আসেন।
সার্কিট হাউসে পৌঁছানোর কিছু সময় পরই তিনি কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত কালুরঘাট রেল-সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। একই সঙ্গে শহরের জলাবদ্ধতা সমস্যা এবং অক্সিজেন-হাটহাজারী সড়ক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তার।
এছাড়া, সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে অধ্যাপক ইউনূস চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য বরাদ্দ ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
চট্টগ্রাম বন্দরে আয়োজিত মতবিনিময় সভায় দেশের অর্থনীতিতে বন্দরের ভূমিকাকে গুরুত্ব দিয়ে ড. ইউনূস বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। একে ছোট আকারে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। আমাদের এই বন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “এই বন্দরই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে এবং দেশের রপ্তানি ও আমদানির প্রধান কেন্দ্র। এ কারণে একে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তোলা জরুরি।”
ড. ইউনূস এ সময় উল্লেখ করেন, “চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, বরং নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে এ বন্দরকে বিশ্বের অন্যতম শীর্ষ অপারেটরের হাতে তুলে দেওয়ার কথা ভাবা উচিত।”
চট্টগ্রামে তার এই সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।






