লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ভবানীগঞ্জ ৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরে ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।
জামায়াত কর্মী ফিরোজ আলম বলেন, আমরা সকালে রিফুজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা প্রদান করে। একপর্যায়ে আমরা সেখান থেকে সরে গিয়ে বাজারে অপর পাশে ফেস্টুন লাগানোর সময় কিছুক্ষণ পর পরিকল্পিত ভাবে বিএনপি কর্মী শাহাজান লাঠি সোটা নিয়ে এসে আমাদের উপর হামলা করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে।
আহত বিএনপির কর্মী মো. শাহাজান বলেন, তারা আমাদের বিএনপির অফিসে সামনে ফেস্টুন লাগাতে আসলে আমি নিষেধ করি। কিন্তু তারা আমার উপর হামলা করে আহত করে।
বিএনপি কর্মী কামাল হোসেন বলেন, সকালে জামায়াতের লোকজন বিএনপির অফিসে সামনে ফেস্টুন লাগানো সময় মানুষিকভাবে অসুস্থ বিএনপির কর্মী শাহাজান বাধা প্রদান করলে জামায়াতের লোকজন জড়ো হয়ে তার উপর হামলা করে।
ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন, বিগত সময়ে রিফুজি মার্কেট এলাকায় এই শাহজাহান দুই বার ড. রেজাউল করিম সাহেবের পোস্টার ছিঁড়েছে। আজকে ও আামাদের লোকজনকে লাঠিসোটা দিয়ে পরিকল্পিতভাবে হামলা ও বাধা প্রদান করে।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের লোকজন তাকে মেরে রক্তাক্ত করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এমএমএইচ






