গাজীপুর মহানগরীর বাসন সড়কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) রাতে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন বাসন থানাধীন এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন তুষার ও জোবায়ের হোসেন শিমুল।
ডিসি রবিউল ইসলাম জানান, ঘটনার পরপরই দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। প্রাথমিক পর্যায়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। আটকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার দিকে গাজীপুরের বাসন থানার অন্তর্গত বাসন সড়কে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়ির ওপর হামলা চালায় একদল অস্ত্রধারী। হামলায় তার গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান। ঘটনার সময় গাড়িতে প্রায় ১০ থেকে ১২ জন হামলাকারী অংশ নেয় বলে জানা গেছে।
হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত অবস্থায় হাসনাত কিছু সময় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এলাকায় অবস্থান করেন এবং পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
ঘটনার প্রতিবাদে এনসিপির পক্ষ থেকে রাস্তায় নেমে আসে দলীয় নেতাকর্মীরা। বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তা এলাকায় তারা পৃথক বিক্ষোভ মিছিল বের করে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। বক্তারা হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, দেশে বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করতেই এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে।






