ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার উপপরিদর্শক রতন চন্দ্র রায় জানান, স্থানীয় সাখওয়াত হোসেনের ছেলে হারুন রশিদ এসএসসি পরীক্ষা শেষে দুপুরে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পর্শে পড়ে ঘটনাস্থলেই আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হারুন রশিদ দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






