ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে শোকজ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ এএম

রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশ সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন সম্প্রতি মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে ব্যক্তিগতভাবে চাদর, মাফলার এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত পতাকা বিতরণ করেছেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিধি অনুযায়ী, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রার্থী ভোটারদের কোনো প্রকার উপঢৌকন বা সুযোগ-সুবিধা প্রদান করতে পারেন না। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, এই কর্মকাণ্ড নির্বাচন-পূর্ব অনিয়মের শামিল।

রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোছাঃ কামরুন নাহার স্বাক্ষরিত এই নোটিশে প্রার্থীকে আগামী ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত সাপেক্ষে কেন এই বিষয়টি সুপারিশসহ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা হবে না, সে বিষয়ে প্রার্থীর নিকট কৈফিয়ত চাওয়া হয়েছে। এছাড়া নোটিশটি দ্রুত জারির ব্যবস্থা করতে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী অনুসন্ধান কমিটি নিয়মিত নজরদারি চালাচ্ছে। আচরণবিধি বাস্তবায়নে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। নোটিশের অনুলিপি ইতোমধ্যে জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এই বিষয়ে বক্তব্য জানতে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীকে এই শোকজ জারির ঘটনাটি স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন