সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (১৯ এপ্রিল) সকালে মাগুরা জেলা অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। সভাটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে স্থানীয় বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, “সহকারী শিক্ষক নিয়োগ আরও বাড়ানো হবে। এজন্য সংশ্লিষ্ট বিধিমালার খসড়া প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি একটি কার্যকর নীতিমালাও প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে। প্রস্তাবনা অনুমোদনের পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
সভায় মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগের উপপরিচালক ড. শফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাগুরা জেলার প্রায় ২০০টির বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরাসরি মতবিনিময় সভাটি বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন আয়োজকরা।






