ময়মনসিংহের ভালুকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং বিএনপির মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গণসংযোগকালে গুলি করে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভালুকা পৌর বিএনপি।
শনিবার (১৩ তারিখ) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের নির্দেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের ফকির, পৌর বিএনপির সদস্য তাজুল ইসলাম, এস এম নুরুল ইসলাম, আমিনুল ইসলাম পাপ্পু এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। মনোনীত প্রার্থীদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি এবং গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ দেশের মাটিতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই হতে পারে না।
বার্তা বাজার/এস এইচ






