ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অশ্লীল ছবি তৈরি করে বিএনপি প্রার্থীর কাছে চাঁদা দাবি, থানায় জিডি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

অশ্লীল ছবি তৈরি করে বিএনপি প্রার্থীর কাছে চাঁদা দাবি, থানায় জিডি

অশ্লীল ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত সোমবার রাতে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মোশারফ হোসেনের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন ওই জিডি করেন। সদর থানার এসআই মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়েছে, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে বগুড়া সদর থানার উপশহরে তাঁর নিজ বাসায় অবস্থানকালে নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা দেওয়ার মাধ্যমে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তাঁর বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোশারফ। পরে দলীয় সিদ্ধান্তে তিনি পদত্যাগের পর ২০২৩ সালে উপনির্বাচন হয়।

হুমকি ও চাঁদা দাবির বিষয়ে মোশারফ হোসেন বলেন, ‘নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক মাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা।’

এসআই মেহেদী হাসান জানান, জিডি হয়েছে। হুমকি ও চাঁদা দাবির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন