নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল তিনশ’ ফিট সড়কের ভূইয়াবাড়ী ব্রিজ এলাকায় শনিবার রাত ১০টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতরভাবে আহত হন।
আহতরা হলেন—রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার আব্দুল হামিদের ছেলে খাইরুল ইসলাম রাব্বি (২৬), তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। অপরজন একই এলাকার আব্দুল আজিজের ছেলে রায়হান সরকার, সদ্য এইচএসসি পাস করেছেন।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতার দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে উল্টো পথে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন দুই আরোহী।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুইজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানান ইনচার্জ সোহেল রানা।
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি জব্দ করেছে।
বার্তা বাজার/এমএমএইচ






