জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি। এসময় দলের জেলা সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের জন্য দলীয় মনোনয়ন দাবি করে স্লোগান দেন নেতাকর্মীরা।
দলের ঝিনাইদহ জেলা কমিটির আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন অ্যাডভোকেট এমএ মজিদ।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। এটি শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমএ মজিদ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সভাপতি এসএম সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি এবং সাধারণ সম্পাদক তহুরা বেগম।
বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। বাংলাদেশ বিরোধী চক্রান্তকারীরা তৎপর হয়ে উঠেছে। কাজেই, দেশের প্রতিটি আসনে বিএনপির দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া জরুরি। বিএনপি প্রার্থীরা জয়লাভ করলে দেশ ও দল সামনের দিকে এগিয়ে যাবে।
এর আগে সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল শহরে প্রবেশ করতে থাকে। তারা জড়ো হন শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে। বাদ্যের তালে নেচে গেয়ে অ্যাডভোকেট এমএ মজিদের মনোনয়নের দাবিতে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
বার্তা বাজার/এমএমএইচ






