খাগড়াছড়ির রামগড় উপজেলায় চাঁদা আদায়কালে স্থানীয় ক্ষুব্ধ জনতা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন।
আটক ব্যক্তির নাম বাইত্রাম চাকমা। তিনি উপজেলার মরা কয়লা গ্রামের দম কমর চাকমার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার স্থানীয় অধিবাসী মো. জাহাঙ্গীরের কচুক্ষেতে ফসল তোলার সময় বাইত্রাম চাকমা চাঁদা দাবি করেন। আজ বৃহস্পতিবার বিকেলে আবারও চাঁদা আদায় করতে রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লালছড়ি এলাকায় গেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে তাকে সেনাবাহিনীর বাটনতলী ক্যাম্পে সোপর্দ করা হয়। সেখান থেকে বিকেল ৫টার দিকে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “চাঁদাবাজির সময় স্থানীয় জনতা ইউপিডিএফ সদস্য বাইত্রাম চাকমাকে আটক করে সেনাবাহিনীর কাছে দেয়। পরে সেনাবাহিনী তাকে আমাদের কাছে হস্তান্তর করে। আটককৃত ব্যক্তি ইউপিডিএফের চাঁদা কালেক্টর।”
এ ঘটনায় রামগড় থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বার্তাবাজার/এমএইচ






