বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে উপজেলার তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যের নাম নায়েক আকতার হোসেন (আইডি নং–৬২১২৬)। তিনি ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পরপরই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।
ঘটনাস্থলটি মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় মাইন বিস্ফোরণের উৎস নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।
৩৪ বিজিবি’র সিও এবং টুআইসি কে একাধিক বার ফোন করা হলেও তারা ফোন রিসিভ না করা বিজিবির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বার্তাবাজার/এমএইচ






