সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুই লেনেই অন্তত ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ শুরু করে স্থানীয়রা। তারা জানান, এলাকায় অল্প বৃষ্টি হলেই সড়ক ও আশপাশের বাড়িঘরে জলাবদ্ধতা তৈরি হয়। ফলে প্রতিনিয়ত পানিবন্দি হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় নারী-শিশুসহ সব বয়সী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলনকারীরা আরও জানান, কয়েক বছর ধরেই রাজফুলবাড়িয়া এলাকায় পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো অঞ্চল পানিতে তলিয়ে যায়। রাস্তাঘাটে হাঁটু সমান পানি জমে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এতে শিক্ষার্থী, শ্রমিক ও অফিসগামী লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বহুবার লিখিত ও মৌখিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই অসহায় হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন।
এদিকে হঠাৎ করে মহাসড়ক অবরোধের কারণে সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে যানজট দেখা দেয়। আটকে পড়ে শত শত পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর প্রতিবাদে আজ সকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। এতে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে সকাল ১১টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এরপর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, সাময়িক আশ্বাস নয়- দীর্ঘমেয়াদী সমাধানই এখন জরুরি। সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ না নিলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বার্তা বাজার/এস এইচ






