জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত প্রায় পৌনে ১২টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। তাকে বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পান মমতাজ বেগম। তিনি মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। পরাজয়ের পর থেকেই তিনি এলাকায় কম সক্রিয় ছিলেন এবং দলের কার্যক্রমেও তেমন দেখা যায়নি।
গত ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়লে, মমতাজ বেগম আত্মগোপনে চলে যান বলে জানা যায়।
প্রসঙ্গত, মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে প্রথম সংসদে প্রবেশ করেন। পরে ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হন। তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।






