বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই এই এলাকায় নেতাকর্মীরা ভিড় করা শুরু করেছে।
জানাজা শেষে খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সঞ্চালনা করবেন জানিয়ে বিএনপি মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বার্তাবাজার/এমএইচ






