ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শহীদ হাদি চত্বরে হাজার হাজার মানুষ, অথচ কোনো মিডিয়া নেই!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম

শহীদ হাদি চত্বরে হাজার হাজার মানুষ, অথচ কোনো মিডিয়া নেই!

শীতের গভীর রাতে রাজধানীর শাহবাগ মোড় যেন পরিণত হয়েছে প্রতিবাদের এক জীবন্ত চত্বরে শহীদ হাদি চত্বর। ১৩ ডিগ্রি তাপমাত্রার কনকনে ঠান্ডা উপেক্ষা করে এখানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান, চোখে ক্ষোভ আর অপেক্ষা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার।

রাত যত বাড়ছে, মানুষের উপস্থিতিও তত বাড়ছে। শিক্ষার্থী, তরুণ, নারী, বৃদ্ধ—রাজনীতির পরিচয় ছাড়াই সবাই দাঁড়িয়ে আছেন এক দাবিতে: হাদির হত্যার বিচার চাই। অনেকেই ঘরের উষ্ণ বিছানা, পরিবারের নিরাপত্তা ছেড়ে এসেছেন রাজপথে।

কিন্তু এই বিশাল জনসমাবেশের মাঝেও চোখে পড়ছে একটি বড় শূন্যতা- কোনো মূলধারার মিডিয়ার উপস্থিতি নেই। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, এত মানুষের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, নারীদের অংশগ্রহণ, মানবিক দৃশ্য কিছুই যেন সংবাদমাধ্যমের নজরে আসছে না।

ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,
“শহীদ হাদি চত্বরে হাজার হাজার মানুষ, অথচ কোনো মিডিয়া নেই!”

এই বক্তব্য যেন আন্দোলনকারীদের ক্ষোভেরই প্রতিফলন।

শাহবাগে অবস্থানরত হাতিরপুলের বাসিন্দা জাহেদ হাসান বলেন,
“আমি কোনো রাজনীতি করি না। শুধু হাদি ভাইয়ের মৃত্যুর বিচার চাই। এত মানুষ এখানে, তবু কেউ দেখছে না—এটাই সবচেয়ে কষ্টের।”

শীত নিবারণের জন্য আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ করা হলেও অনেকের চোখে উষ্ণতা আনছে না কিছুই—কারণ তাঁদের চাওয়া একটাই, ন্যায়বিচার।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, খুনিদের গ্রেফতার ও বিচারের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা শাহবাগ ছাড়বে না। রাতভর অবস্থান কর্মসূচি চলবে।

শাহবাগের রাজপথে তখনো স্লোগান ভাসছে—
“হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ।”

কিন্তু সেই স্লোগানের প্রতিধ্বনি পৌঁছাচ্ছে না ক্যামেরার লেন্সে এই অভিযোগই আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন