জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলতো, এখন আমরা যখন মানুষের ভোটের অধিকারের কথা বলি, ষড়যন্ত্রকারীরা সংস্কারের কথা বলে, আমরা নির্বাচনের কথা বলি, তারা সংস্কারের কথা বলে, অথচ উন্নয়ন, সংস্কার, নির্বাচন, ন্যায়বিচার একটি আরেকটির পরিপন্থী নয়। ষড়যন্ত্রকারীরা মনে করছে, বাংলাদেশে স্বচ্ছ গ্রহণ যোগ্য নির্বাচন হলে, জনগনের ম্যানডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে, এ জন্য তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। জনগন তাদের চক্রান্ত সফল হতে দিবে না, ইনশাআল্লাহ।
তিনি বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশনে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের গোলদার হাট বাজারে রাস্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও গণসংযোগ শেষে অনুষ্ঠিত এক পথ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জনগণকে বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনবেন এ জন্য আমরা আন্দোলন করছি না, আমরা চাই জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাক।
নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে আমরা পার করেছি, আমাদের ছাত্ররা শুধু ছাত্রদল করার অপরাধে শিক্ষা জীবন শেষ করতে পারেনি, তাদেরকে পরীক্ষা দিতে দেয়া হয়নি, ছাত্ররা শ্রেণি কক্ষ চিনবার পূর্বেই তাদেরকে চিনতে হয়েছে আদালতের এজলাস, তাদেরকে চিনতে হয়েছে জেলখানা। বিএনপি ক্ষমতায় এলে সকল মতের মানুষ বিএনপি’র কাছে নিরাপদ থাকবে, তাই আপনাদের বলছি, মানবিক বাংলাদেশ তৈরি করতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন।
এ সময় স্থানীয় বিএনপিসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।






