প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যেসব নীতি ও আইন কার্যকর হচ্ছে না সেগুলো পরিবর্তন করা জরুরি, যাতে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা যায়।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “দেশের স্বার্থ ও অর্থনীতির কল্যাণে কাজগুলো অব্যাহত রাখতে হবে। কিন্তু যেসব নীতিমালা আর প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ, সেগুলো সংশোধন করে উন্নয়নের সঠিক পথ নির্ধারণ করতে হবে। এগুলো আমাদের জন্য মৌলিক এবং অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “আমাদের নিজের উন্নয়নের স্বার্থেই এসব পরিবর্তন আনা প্রয়োজন, যা দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য অপরিহার্য।”






