ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মুলতবি সংসদ শুরু, মুখোমুখি সরকারি ও বিরোধী দল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

মুলতবি সংসদ শুরু, মুখোমুখি সরকারি ও বিরোধী দল

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের গতকালের মুলতবি হওয়া বৈঠক আজ (মঙ্গলবার) আবার শুরু হয়েছে। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের ওপর দুই ঘণ্টাব্যাপী নির্ধারিত আলোচনাকে কেন্দ্র করে আজ সংসদে মুখোমুখি হতে পারে সরকারি ও বিরোধী দল।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতার আনা একটি মুলতবি প্রস্তাবের ওপর আজ দুই ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। আজকের কার্যসূচির সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবটি রাখা হয়েছে। তবে গত রোববারের অধিবেশনে এই প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে যে বাক্যবিনিময় হয়েছে, তার রেশ ধরে আজকের আলোচনা বেশ উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেপুটি স্পিকারের রুলিং অনুযায়ী, নির্ধারিত দুই ঘণ্টা সময়জুড়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এই প্রস্তাবের ওপর তাদের বক্তব্য তুলে ধরবেন।

ঘটনার সূত্রপাত গত ২৯ মার্চ (রোববার)। সেদিন স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ মুলতবি করে ‘জুলাই সনদ’ ও ‘সংস্কার পরিষদ’ প্রস্তাবিত বিষয়ে আলোচনার দাবি জানান। ডেপুটি স্পিকার তখন কার্যপ্রণালি বিধির ৬৫-এর ২ ধারা অনুযায়ী আজ মঙ্গলবার আলোচনার দিন ধার্য করেন।

তবে এই রুলিং দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশ সংশোধনের দাবি তুললে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি মঙ্গলবারের আলোচনার সঙ্গে সম্মতি প্রকাশ করছি। তবে আলোচনা যদি নির্ধারণ করতে চান, তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে।”

জবাবে ডেপুটি স্পিকার কঠোর অবস্থান নিয়ে বলেন, “আমার সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা দয়া করে নিজ নিজ আসনে বসুন।” স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় কথা বলার চেষ্টা করলে তাকে আবারও থামিয়ে দেওয়া হয়।

সংসদ সচিবালয়ের মতে, আজকের আলোচনায় কয়েকটি বিষয় মূল আকর্ষণে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে সংশোধনের কথা বলেছিলেন, তা নিয়ে আজ নতুন করে বিতর্কের সৃষ্টি হয় কি না– সেদিকেই সবার নজর। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, স্পিকারের রুলিংয়ের পর আর কোনো তর্কের অবকাশ নেই। আজ তারা তাদের মূল দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবেন।

মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার দিন হওয়ায় আজ সংসদ অধিবেশনে সদস্যদের উপস্থিতি অন্য দিনের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, বিরোধী দলও তাদের প্রস্তাবের সপক্ষে শক্ত যুক্তি উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে আজ বিকেলে জাতীয় সংসদ এক প্রাণবন্ত কিন্তু বিতর্কমুখর আলোচনার সাক্ষী হতে যাচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন