রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে। প্রাথমিকভাবে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকেল ৩টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি গ্রহণ করেন। মিরপুর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এসময় মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, মমতাজ বেগম তার সাংস্কৃতিক পরিচিতি ও জনপ্রিয়তাকে ব্যবহার করে স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করেছেন। তিনি গান গেয়ে ক্ষমতাসীন নেত্রী শেখ হাসিনাকে প্রশংসা করেছেন, যা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষ তার রিমান্ড মঞ্জুরের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে।
আসামিপক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলেও, আদালত শুনানি শেষে মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একদল হামলাকারী আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালায়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. সাগর নামের এক আন্দোলনকারী। পরে তার মা বিউটি আক্তার ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে নামীয় এবং আরও প্রায় ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়।
উক্ত মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি হিসেবে নাম তালিকাভুক্ত রয়েছেন।






