বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) উপলক্ষে যাত্রীদের চাপ সামলাতে রাতের অংশে ২ জোড়া নতুন ট্রিপ যুক্ত হচ্ছে মেট্রোরেলে। এরমধ্যে উত্তরা থেকে দুই জোড়া এবং মতিঝিল থেকে দুই জোড়া ছেড়ে আসবে। বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড(ডিএমটিসিএল) এই তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, ১৫ই জানুয়ারী থেকে ১৭ই জানুয়ারী এবং ১৯শে জানুয়ারী থেকে ২১শে জানুয়ারী পর্যন্ত ৬দিন চলবে এই বিশেষ ট্রিপ। মেট্রোরেলের নিয়মিত সময়সূচি থেকে আরও আধ ঘন্টা বাড়তি চলবে ট্রেন। অর্থাৎ, উত্তরা থেকে এখন সর্বশেষ ট্রেন ছেড়ে আসে ৯টা ৩০ মিনিটে। বাড়তি ট্রিপ হিসেবে নির্দিষ্ট সময়ে ৯টা ৪৫ এবং রাত ১০টায় সর্বশেষ ট্রেন ছেড়ে আসবে।
অন্যদিকে, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ১০টা ১৫তে ছেড়ে আসতো। বাড়তি ট্রিপ হিসেবে ১০টা ২৫ ও ১০টা ৪০ মিনিটে দুটি ট্রেন মতিঝিল থেকে ছেড়ে আসবে। শুক্রবার ছুটির দিনে মেট্রোরেল চলে সিমিত সময়ে। এ দিন নিয়মিত সূচির সঙ্গে নতুন সংযোজিত ট্রিপের সূচি অনুযায়ী উত্তরা থেকে দুটি ট্রেন ৯টা ৪৫ এবং ১০টায় ছেড়ে আসবে। মতিঝিল থেকে ১০টা ২৫ এবং ১০টা ৪০- এ সর্বশেষ ট্রেন ছেড়ে আসবে।






