দেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনের সবুজ লনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যসহ মোট ৭ হাজার ২১৮ জন অতিথি অংশগ্রহণ করেন। এর মধ্যে বিশেষভাবে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারভুক্ত সদস্য ছিলেন প্রায় ২৬৬ জন।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতারা, শিল্পী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সহধর্মিণীর সঙ্গে প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং তিন বাহিনীর প্রধানদের নিয়ে ভিভিআইপি এনক্লোজারে বিজয় দিবসের বিশেষ কেক কাটেন।
এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং অন্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।






