ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পয়েন্টসম্যানদের গ্রেড বৈষম্য, প্রমোশন ও ভাতা দাবিতে রেল ভবনে মহাপরিচালক বরাবর স্মারকলিপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩১ পিএম

পয়েন্টসম্যানদের গ্রেড বৈষম্য, প্রমোশন ও ভাতা দাবিতে রেল ভবনে মহাপরিচালক বরাবর স্মারকলিপি

বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত পয়েন্টসম্যানরা গ্রেড বৈষম্য নিরসন, প্রমোশন উন্মুক্তকরণ, ওভারটাইম ও ঝুঁকি ভাতা চালুর দাবিতে মহাপরিচালকের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিটি মঙ্গলবার (১৪ অক্টোবর) রেল ভবনে মহাপরিচালকের নিকট পেশ করা হয়। এতে পয়েন্টসম্যানদের পক্ষ থেকে স্বাক্ষর করেন ঢাকাসহ বিভিন্ন ডিভিশনের প্রতিনিধি মনির হোসেন হিমেল (ঢাকা ডিভিশন), কৃষ্ণা লাল সরকার (পাকশী ডিভিশন), মোঃ ইউসুফ ও মোঃ আব্দুর রহিম (চট্টগ্রাম ডিভিশন), ইছা করিম (পাকশী ডিভিশন) এবং মোঃ আলমগীর হোসেন (লালমনিরহাট ডিভিশন)।

স্মারকলিপিতে পয়েন্টসম্যানরা চারটি প্রধান দাবি উত্থাপন করেছেন।

গ্রেড বৈষম্য নিরসন: বর্তমানে পয়েন্টসম্যান পদটি ১৮তম গ্রেডে রয়েছে, যা এইচএসসি পাস নিয়োগপ্রাপ্তদের জন্য অন্যায্য বলে উল্লেখ করেছেন তারা। কারণ, রেলওয়ের অন্যান্য একই শিক্ষাগত যোগ্যতাধারী পদ যেমন টিকিট কালেক্টর (টিসি), বুকিং সহকারী গ্রেড–২ প্রভৃতির ক্ষেত্রে ১৫তম গ্রেড বহাল রয়েছে। তাই পয়েন্টসম্যানদের ন্যূনতম ১৫তম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়।

প্রমোশন প্রক্রিয়া উন্মুক্তকরণ: ১৯৮৮ সালের নিয়োগবিধি অনুযায়ী পয়েন্টসম্যানসহ নিম্নপদ থেকেও অনেক কর্মচারী স্টেশন মাস্টার পর্যন্ত উন্নীত হয়েছেন। কিন্তু বর্তমানে এইচএসসি পাস ও স্নাতক ডিগ্রিধারী পয়েন্টসম্যানদের জন্য পদোন্নতির সুযোগ খুবই সীমিত। তারা দাবি করেন— পয়েন্টসম্যানদের জন্য সরাসরি পদোন্নতির সুযোগ রাখতে হবে সহকারী স্টেশন মাস্টার, গার্ড গ্রেড–২, টিকিট কালেক্টর গ্রেড–২, বুকিং সহকারী গ্রেড–২ এবং গুডস অ্যাসিস্ট্যান্ট গ্রেড–২ পদে। এতে দক্ষ ও শিক্ষিত কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং রেলওয়ে আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।

ওভারটাইম ভাতা প্রদান: পয়েন্টসম্যানরা অভিযোগ করেছেন, তারা প্রতিদিন গড়ে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করেন এবং সপ্তাহে সাত দিন দায়িত্ব পালন করেও ওভারটাইম ভাতা বা সাপ্তাহিক ছুটি পান না। তারা শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী ধারা ১০০, ১০২, ১০৩ ও ১০৮ উল্লেখ করে দাবি করেছেন— অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুণ হারে ওভারটাইম ভাতা প্রদান, শ্রম আইন মোতাবেক সাপ্তাহিক ও উৎসব ছুটি নিশ্চিতকরণ,
এবং কর্মঘণ্টা রেজিস্টার চালু করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঝুঁকি ভাতা ও কর্মস্থল নিরাপত্তা: স্মারকলিপিতে বলা হয়, লোকবল সংকটের কারণে পয়েন্টসম্যানদের দিয়ে নিয়মবহির্ভূতভাবে শান্টিং ও ট্রেন ক্লিয়ারেন্স কার্যক্রম করানো হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজে অংশ নিতে গিয়ে গত কয়েক দশকে অনেক পয়েন্টসম্যান নিহত ও আহত হয়েছেন। উল্লেখযোগ্য কিছু দুর্ঘটনার উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে— ২৮ সেপ্টেম্বর ২০২৫, কমলাপুরে মোঃ নাসির ট্রেনের নিচে কাটা পড়ে নিহত। ০৬ মার্চ ২০২৩, চট্টগ্রামে মোঃ আজিজুল হক ইঞ্জিনের নিচে পড়ে নিহত। ১৮ নভেম্বর ২০২০, রাজশাহীতে হুমায়ুন কবির বাম হাত হারান।
২০০৬ সালে চট্টগ্রাম মার্শালিং ইয়ার্ডে মোঃ আবু তাহের চার টুকরো হয়ে নিহত হন।

তারা দাবি করেছেন, শান্টিংসহ ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের জন্য ঝুঁকি ভাতা, নাইট ভাতা, ও পর্যাপ্ত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে মনির হোসেন হিমেল বলেন, “রেলওয়ের প্রতিটি ট্রেন মুভমেন্টে পয়েন্টসম্যানরা সরাসরি যুক্ত থাকেন। অথচ তারা সবচেয়ে বেশি শ্রম দিলেও সবচেয়ে কম মূল্যায়ন পান।”

কৃষ্ণা লাল সরকার জানান, “আমরা রেলওয়ের অংশ হয়েও বৈষম্যের শিকার হচ্ছি। গ্রেড উন্নীত করা, প্রমোশন ও ভাতা প্রদান এখন সময়ের দাবি।”

স্মারকলিপিতে বলা হয়, “রেলওয়ে দেশের অন্যতম সেবা খাত। এই খাতকে আধুনিক ও দক্ষ করতে হলে মাঠপর্যায়ের কর্মীদের যথাযথ মূল্যায়ন, ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।”

পয়েন্টসম্যানদের পক্ষ থেকে মহাপরিচালকের কাছে দাবি জানানো হয়েছে যে, তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করলে শুধু কর্মীদের মনোবলই বাড়বে না, বরং রেলওয়ের সামগ্রিক কার্যক্রমও আরও গতিশীল হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন