রেলপথ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ১১টি ক্যাটাগরিতে মোট ৫১৬টি শূন্যপদ পূরণের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত সময়সূচি সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সম্প্রতি প্রকাশিত হয়েছে।
পিএসসি জানিয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা নির্ধারিত হয়েছে ২৮ জুন। পরীক্ষার কেন্দ্র এবং আসন বিন্যাস সম্পর্কে তথ্য পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পরীক্ষাটি ১০০ নম্বরের এমসিকিউ ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে নম্বর বণ্টন হবে: বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় ৪০ নম্বর। টেকনিক্যাল অংশের মধ্যে পদার্থবিদ্যা ১৩, রসায়ন ১৩ এবং গণিত ১৪ নম্বরের প্রশ্ন থাকবে।
প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর হ্রাস করা হবে। পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বাছাই পরীক্ষায় সফল প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের, যেখানে ১১ ক্যাটাগরির ১২টি ট্রেড বা বিষয়ে প্রশ্ন থাকবে। প্রার্থীরা নিজ নিজ ট্রেডের প্রশ্নে পরীক্ষা দেবেন, যা নিয়োগ সংক্রান্ত নির্দেশাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।






