সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে— ‘ইসরায়েলি পাইলটরা বিদ্রোহ শুরু করেছে, তারা বিমানবন্দর ও সামরিক ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছে।’ এই ভিডিওটিকে ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির অভ্যন্তরে বিশৃঙ্খলার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে।
তবে ‘রিউমর স্ক্যানার’ নামের একটি ফ্যাক্টচেক প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনও সামরিক সংঘাতের নয়, বরং পুরনো একটি বিক্ষোভের দৃশ্য।
মূলত, ভিডিওটি ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ৬ নভেম্বর ইসরায়েলের একটি বড় বিক্ষোভের সময়। ভিডিওতে দেখা যায়, আয়ালন সাউথ মহাসড়কে আগুন নেভাতে সীমান্ত পুলিশের সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার হাতে এগিয়ে যাচ্ছেন, যেখানে পেছনে রয়েছে শত শত বিক্ষোভকারী।
এই ভিডিওটি প্রথম প্রকাশ করেন সাংবাদিক বার পেলেগ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে, যিনি জানান, বিক্ষোভকারীদের সঙ্গে মুখ ঢাকা এক কর্মকর্তার বাকবিতণ্ডার সময় পুলিশ আগুন নেভানোর চেষ্টা করছিল।
পরে Liveuamap ওয়েবসাইটেও এই ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয় এবং স্পষ্ট বলা হয় যে, এটি কোনো পাইলটের বিদ্রোহ বা সামরিক ক্যাম্প ত্যাগের ঘটনা নয়, বরং একটি বিক্ষোভের অংশ মাত্র।
সুতরাং, ইসরায়েলি পাইলটদের বিদ্রোহ ও পালিয়ে যাওয়ার দাবিপূর্ণ এই ভিডিওটি আসলে পুরনো বিক্ষোভের মুহূর্ত, যা ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। বাস্তবে, সাম্প্রতিক যুদ্ধের সাথে এর কোনো যোগসূত্র নেই।






