যুক্তরাজ্যে পরিচালিত একটি সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলের ওপর কঠোর পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। ‘ওপিনিয়াম রিসার্চ’ পরিচালিত জরিপে অংশগ্রহণকারী ৫৭ শতাংশ নাগরিক মনে করেন, ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। মাত্র ১৩ শতাংশ এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন।
৩০ মে থেকে ২ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপটি করিয়েছে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC)। এতে আরও উঠে আসে, জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করেন, ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা উচিত। একইসাথে ৫০ শতাংশ নাগরিক সুপারমার্কেটগুলোতে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৪ শতাংশ আরও একটি কঠোর অবস্থান নিয়েছেন—তারা চেয়েছেন, ইসরায়েলের উগ্র-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে। গাজায় সম্পূর্ণ অবরোধের প্রবক্তা এই মন্ত্রীর নীতির কারণে সেখানে ৯৩ শতাংশের বেশি মানুষ চরম খাদ্য সঙ্কটে পড়েছে।
এই জরিপটি এমন এক সময় প্রকাশিত হলো, যখন সাম্প্রতিক আরেকটি ‘YouGov’ জরিপে দেখা গেছে, ইউরোপের ছয়টি দেশের মধ্যে মাত্র ২০ শতাংশেরও কম মানুষ ইসরায়েলকে পজিটিভভাবে দেখেন। ১২ থেকে ২৬ মে পর্যন্ত পরিচালিত ওই জরিপে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, স্পেন ও ইতালির নাগরিকরা অংশ নিয়েছিলেন।
এদিকে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফরাসি পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্রিটেনকে চাপ দিচ্ছে বলে জানায় মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ব্রিটেনকেও একই পথে আসতে উৎসাহ দিচ্ছে। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, ব্রিটিশ সরকারের একাংশ এই উদ্যোগে সহমত প্রকাশ করেছে।
ব্রিটেনের জনমত ইঙ্গিত দিচ্ছে, সাধারণ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ চায়। এতে স্পষ্ট হয়ে উঠছে—ইসরায়েলকে দায়মুক্তির চক্র থেকে বের করে আনার জন্য ব্রিটিশ জনগণ আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করছেন তাদের সরকারের কাছ থেকে।






