ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলে মুহুর্মুহু ক্লাস্টার বোমার আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম

ইসরায়েলে মুহুর্মুহু ক্লাস্টার বোমার আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৪ এপ্রিল) চালানো এই হামলার মধ্যে ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্রও ছিল।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, দিনের শেষ ভাগ পর্যন্ত মধ্য ইসরায়েলে এক ডজনের বেশি স্থানে ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এর আগের দিন মধ্যরাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিয়ারশেবার দক্ষিণে নিয়ত হোভাভ শিল্প এলাকায় আঘাত হানে, এতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে আগুন নেভানো ও তল্লাশি অভিযান চালাচ্ছে তারা এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর প্রায় এক ঘণ্টা পর ইরান ক্লাস্টার বোমা বহনকারী আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা মধ্য ইসরায়েলে আঘাত হানে। এতে রামাত গানে একটি ভবন ধসে পড়ে। এছাড়া রোশ হা’আইন শহরে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিভ্রাটের তথ্যও জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যমটি।

প্রতিবেদনে আরও বলা হয়, বনি ব্রাকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি কাচের টুকরোয় আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের কিরিয়া সদর দপ্তরের কাছেও দুটি ক্লাস্টার সাবমিউনিশন আঘাত হানে, এতে পার্কিং এলাকায় ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রায় ১০ ঘণ্টা বিরতি শেষে এরপর দ্বিতীয়বারের মতো মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, ব্যবহার করা হয় ক্লাস্টার বোমা। এতে বনি ব্রাক ও রামাত গানে আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তেল আবিব ও পেতাহ টিকভাতেও বোমার টুকরো পড়ে সড়ক ও গাড়ির ক্ষতি হয়।

এই হামলায় আহত হন চারজন। দেশটির চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, ২৪ বছর বয়সী এক ব্যক্তি ধোঁয়ার কারণে অসুস্থ হন। দুইজন কাঁচের আঘাতে এবং আরেকজন বিস্ফোরণে আহত হন। বিকেলের দিকে আরেকটি ক্লাস্টার বোমা হামলায় ৫২ বছর বয়সী একজন সামান্য আহত হন। তেল আবিবের উপশহর রামাত গান, গিভাতায়িম ও বনি ব্রাক এলাকায়ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এছাড়া উত্তর ইসরায়েল লক্ষ্য করে চালানো আরেক দফা হামলায় একটি ক্ষেপণাস্ত্র খোলা স্থানে আঘাত হানে এবং বাকিগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপসাগরীয় দেশগুলোতেও হামলা
এদিকে, ইরান গালফ অঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি শোধনাগারে ড্রোন হামলায় আগুন লাগে। পৃথক আরেক হামলায় বিদ্যুৎ স্থাপনা ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এদিন বাহরাইনে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাইয়ে দুটি ভবনে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে, যার একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড কম্পিউটিং কোম্পানি ওরাকলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন