ইরানে অবৈধভাবে আনা শত শত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস জব্দ করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, “শত্রুপক্ষ” কর্তৃক প্রেরিত এই সরঞ্জামগুলো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি।
ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, এখানে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানে স্টারলিংক ডিভাইসের সংগ্রহ ও ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ।
স্বাভাবিক সময়ে এর সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড হলেও, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই নিয়ম ভঙ্গকারীদের ‘সর্বোচ্চ শাস্তির’ মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দেশটিতে চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা যখন দুঃসাধ্য হয়ে পড়েছে, ঠিক তখন প্রযুক্তি সচেতন নাগরিকরা গোপনে এই স্টারলিংক ব্যবহার করছিলেন।
বিশেষ করে স্পেসএক্সের এই ডিভাইসগুলোর মাধ্যমে একে অপরের সাথে ইন্টারনেট সংযোগ শেয়ার করে তথ্য আদান-প্রদান করছিলেন তারা। তবে সরকারের এই সাঁড়াশি অভিযানের ফলে এখন সেই যোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল।






