ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং খুব শীঘ্রই তিনি জাতির উদ্দেশ্যে নতুন ভাষণ দেবেন।
সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।
বাঘাই জানান, মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বলেন, “আমি আপনাদের নিশ্চিত করছি যে তিনি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে তার পূর্ববর্তী বার্তার কথা শুনেছেন এবং আশা করছি খুব দ্রুতই তিনি জনগণের উদ্দেশ্যে পরবর্তী ভাষণ প্রদান করবেন।”
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মুখপাত্র ইসমাইল বাঘাই একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “ইরানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় সংকল্পবদ্ধ এবং বর্তমানে আমরা ঠিক সেই কাজটিই করছি।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে। রাজধানী তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে বড় ধরনের হামলা চালানো হয়। হোয়াইট হাউস এই আক্রমণকে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দাবি করেছে।
এই ভয়াবহ হামলায় ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার শাহাদাতের খবর পাওয়া যায়। এর জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলসহ বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।সংবাদ বিশ্লেষণ
বার্তা বাজার/এমএমএইচ






