যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে ‘আল-কুদস দিবস’ উপলক্ষে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) আয়োজিত এই সমাবেশে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েল ও আমেরিকার নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইরানের ইসলামি শাসনের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেন। এসময় বিক্ষোভকারীদের কণ্ঠে ‘শেইম, শেইম ইউএসএ’ (ধিক্কার আমেরিকা) স্লোগান শোনা যায়।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। টাইমস স্কয়ারের মতো ব্যস্ততম এলাকায় এই সমাবেশের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উল্লেখ্য যে, প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে ‘আল-কুদস দিবস’ পালিত হয়। তবে নিউ ইয়র্কের এই সমাবেশে আমেরিকার খোদ অভ্যন্তরে বসে দেশটির সরকারের বিরুদ্ধে এমন স্লোগান ও ভিনদেশি শাসনব্যবস্থার প্রতি সমর্থন জানানোয় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
নিরাপত্তার স্বার্থে সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বার্তা বাজার/এমএমএইচ






