দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেছেন, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এরদোয়ান জানান, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে স্নায়ুক্ষয়ী অবস্থা তৈরি হয়েছে, তা এখন সরাসরি সংঘর্ষে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।”
তিনি পাকিস্তানে নিহতদের জন্য দোয়া করেন এবং পাকিস্তান সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
প্রসঙ্গত, বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালানো হয়। ইসলামাবাদ এ হামলাকে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছে। পাকিস্তান দাবি করেছে, হামলায় মসজিদ, হাইড্রোপাওয়ার স্টেশনসহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৫৭ জন।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও সাতটি ড্রোন ভূপাতিত করেছে এবং সীমান্তের ভারতীয় একাধিক সামরিক চৌকি ধ্বংস করেছে।
এরদোয়ান তার বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, “কাশ্মীর অঞ্চলে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব এসেছে, যা আমরা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি।”
তিনি আরও যোগ করেন, “যারা সংঘর্ষকে উসকে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ পথ খুঁজছি। তুরস্কের অবস্থান পরিষ্কার—আমরা সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনার পক্ষপাতী। এমন কোনো অবস্থায় যাওয়া উচিত নয়, যেখানে ফিরে আসার আর পথ থাকবে না।”






