ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জাতিসংঘে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ এএম

জাতিসংঘে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘লিডারশিপ ফর পিস’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের ‘অযাচিত ও ভিত্তিহীন মন্তব্যের’ কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পার্বথানেনি স্পষ্ট করে বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। ওগুলো ছিল, আছে এবং চিরকালই ভারতের অংশ থাকবে।

বিতর্ক চলাকালে পাকিস্তানের প্রতিনিধির বক্তব্যের প্রতিক্রিয়ায় পার্বথানেনি বলেন, ভারত ও ভারতের জনগণের ক্ষতি করার ব্যাপারে পাকিস্তানের এক ধরনের রোগগ্রস্ত আসক্তি রয়েছে। ভারত কেন সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখেছে তা ব্যাখ্যা করতে গিয়ে পার্বথানেনি পাকিস্তানকে বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন। তিনি বলেন, ৬৫ বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে সিন্ধু পানি চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু এই ছয় দশকেরও বেশি সময়ে পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধ চাপিয়ে দিয়ে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে।

গত চার দশকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলায় লক্ষাধিক নয়, বরং দশ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে এ বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলার কথা তুলে ধরেন। ওই হামলায় এক বিদেশি নাগরিকসহ ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন।

তিনি বলেন, এই প্রেক্ষাপটেই ভারত ঘোষণা করেছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্য ও স্থায়ীভাবে সীমান্তপারের সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসে সমর্থন বন্ধ করছে, ততক্ষণ সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। জাতিসংঘে পাকিস্তানের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন পার্বথানেনি। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দি করা হয়েছে, শাসক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করা হয়েছে এবং ২৭তম সংশোধনীর মাধ্যমে একটি সংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনীর প্রধান অসিম মুনিরকে আজীবন দায়মুক্তি দেয়া হয়েছে।

পার্বথানেনি বলেন, পাকিস্তান জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য পদ্ধতি অনুসরণ করে- একজন প্রধানমন্ত্রীকে জেলে পুরে, শাসক রাজনৈতিক দল নিষিদ্ধ করে এবং ২৭তম সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে সংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে তাদের প্রধানকে আজীবন দায়মুক্তি দেয়। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই- পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদকে তার সব রূপ ও প্রকাশে ভারত সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে।

এর আগে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ জম্মু ও কাশ্মীরকে একটি অমীমাংসিত বিরোধ বলে উল্লেখ করেন এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার জন্য ভারতের সমালোচনা করেন। তিনি বলেন, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু শান্তি একতরফা হতে পারে না। জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে তিনি আরও দাবি করেন, জম্মু ও কাশ্মীর নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা অন্যতম পুরোনো অমীমাংসিত বিরোধ। এটি জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুযায়ী সমাধান করা দরকার- যা ভারত ধারাবাহিকভাবে অস্বীকার ও লঙ্ঘন করে আসছে। পাকিস্তান ভারতের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন বলেও আখ্যা দেয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন