যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রশিক্ষণ মিশনের সময় এয়ার ফোর্স থান্ডারবার্ডসের একটি এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পাইলট। সময়মতো ইজেক্ট করতে পারায় তিনি জীবনহানিকর নয় এমন আঘাত পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন এয়ার ফোর্স।
এয়ার ফোর্সের সংক্ষিপ্ত বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তদন্ত চলছে এবং পরবর্তী তথ্য ৫৭তম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস জানাবে বলে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পাইলট ঠিক সময়ে ইজেক্ট করছেন এবং ফাইটার জেটটি ধীরগতিতে মাটির দিকে নেমে যাচ্ছে। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই এটি আগুনে পুড়ে যায়।
মার্কিন এয়ার ফোর্স জানায়, বুধবার (৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশিক্ষণ মিশন চলাকালে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমার ভেতরে এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত এফ-১৬ জেটটি নেলিস এয়ার ফোর্স বেস-এ অবস্থানরত এয়ার ফোর্সের অভিজাত ডেমোনস্ট্রেশন টিম থান্ডারবার্ডস–এর অংশ ছিল। ইজেকশনের পর পাইলটকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছে সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।
ফায়ার ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায়, তারা মোহাভে মরুভূমির ট্রোনা এলাকার কাছে ‘বিমান জরুরি অবস্থা’-তে সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে।
বার্তা বাজার/এস এইচ






