তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে পুনরায় শান্তি আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘাত ও ড্রোন হামলার অবসানে কূটনৈতিক প্রচেষ্টার মাঝে তার এই হুমকি তীব্র উত্তেজনা তৈরি করেছে।
আফগানিস্তানে তালেবানকে মোকাবিলায় সামরিক সংঘাতই কি একমাত্র বিকল্প, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেছেন, ‘‘যুদ্ধ হবেই।’’
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। যদিও আর কয়েক ঘণ্টা পর তুরস্ক-কাতারের মধ্যস্থতায় আফগান ও পাকিস্তানি শীর্ষ প্রতিনিধিদলের তুরস্কে বৈঠকে বসার কথা রয়েছে। কয়েক দিন আগেও, পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছিলেন।
খাজা আসিফ অভিযোগ করে বলেছেন, কাবুল জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সীমান্তপারের হামলার ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছে। অন্যদিকে আফগানিস্তান পাল্টা অভিযোগ করে বলেছে, পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ‘‘ড্রোন যুদ্ধ’’ চালাচ্ছে এবং আইএস জঙ্গিদের প্রশিক্ষণের বিষয়ে নীরব রয়েছে।
বার্তা বাজার/এমএমএইচ






