সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো একটি ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা কোম্পানিকে কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে। ২০২০ সালে ইসরায়েল ও ইউএই-এর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি এমন পদক্ষেপের প্রথম উদাহরণ।
ইসরায়েলের কনট্রপ প্রিসিশন টেকনোলজিস নামের কোম্পানিটি আবুধাবি গ্লোবাল মার্কেট (এডিজিএম)-এ একটি সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করবে। কোম্পানিটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং মূলত গোয়েন্দা, নজরদারি ও পর্যবেক্ষণ (আইএসআর) মিশনের জন্য ইলেক্ট্রো–অপটিক্যাল সিস্টেম তৈরি করে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য গালফ অঞ্চলে নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করবে। আবুধাবিতে স্থাপিত নতুন প্রতিষ্ঠানটি গালফ অঞ্চলে বিপণন, বিক্রয় ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। পরবর্তী ধাপে কোম্পানিটি ইউএই এবং প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা টেন্ডারে অংশ নিতে পারবে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ প্রায় ৩ কোটি মার্কিন ডলার, এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ মূল ইসরায়েলি কোম্পানির হাতে থাকবে। নতুন শাখাটির নেতৃত্বে থাকবেন একজন ইসরায়েলি নাগরিক।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি-এর মাধ্যমে ইসরায়েল ও ইউএই সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি ছিল।
তবে গাজা যুদ্ধের পর দুই দেশের সম্পর্কের কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে। ইউএই বেশ কয়েকবার ইসরায়েলের হামলার সমালোচনা করেছে এবং সেপ্টেম্বরে কাতারে হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলি আক্রমণকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছিল।
বার্তা বাজার/এমএমএইচ






