নিজের স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে তার ওপর মরিচের গুঁড়া ছিটিয়েছেন স্ত্রী। গত ২ অক্টোবর ভারতের রাজধানী দিল্লির মাদনগির এলাকায় ভয়াবহ নির্যাতনের এ ঘটনাটি ঘটেছে। গুরুতর দগ্ধ ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ভুক্তভোগী দিনেশ কুমার একটি ফার্মাসিউটিক্যাল কম্পানিতে কর্মরত। ঘটনার সময় তার চার বছরের মেয়েকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, দিনেশের স্ত্রী সাধনা গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দেন এবং পরে ক্ষতের ওপর লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এতে দিনেশের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যায়।
প্রথমে তাকে মদনমোহন মালভিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন। মামলার এজাহারে দিনেশ কুমার বলেন, ‘গত ২ অক্টোবর রাতে অফিস থেকে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় ৩টার দিকে হঠাৎ তীব্র জ্বালা অনুভব করি।
দেখি, আমার স্ত্রী দাঁড়িয়ে আমার গায়ে ফুটন্ত তেল ঢালছে। আমি ওঠার বা সাহায্য চাওয়ার আগেই সে আমার ক্ষতের ওপর লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়।’ তিনি আরো অভিযোগ করেন, তার স্ত্রী তখন হুমকি দেয়—‘যদি চিৎকার করো, আরো গরম তেল ঢেলে দেব।’
তার আর্তনাদ শুনে প্রতিবেশী ও বাড়িওয়ালার পরিবার এগিয়ে আসে। বাড়িওয়ালার মেয়ে অঞ্জলি জানান, তার বাবা ঘটনাটি থামাতে গেলে সাধনা বলেন, তিনি নাকি স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। অঞ্জলি বলেন, ‘কিন্তু আমরা লক্ষ্য করি, সে উল্টো পথে যাচ্ছিল। তখন সন্দেহ হয়। আমার বাবা তাকে থামিয়ে দেন এবং একটি অটো ডেকে দিনেশকে হাসপাতালে পাঠান।’
পুলিশের তথ্যমতে, আট বছর ধরে বিবাহিত এই দম্পতির সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল। দুই বছর আগে নারী নির্যাতন দমন সেলে অভিযোগ করেছিলেন সাধনা। তবে পরে বিষয়টি আপোসে মীমাংসা হয়।
বার্তা বাজার/এস এইচ






