ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, সহপাঠী সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে চলমান অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
শুক্রবার (২৩ মে) রাতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহতাপ ইসলামকে শহীদ ড. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ চিকিৎসাকেন্দ্রে উপস্থিত থেকে অনশনরতদের খোঁজখবর নেন। তবে শারীরিক দুর্বলতা সত্ত্বেও তারা অনশন ভাঙতে অস্বীকৃতি জানান।
এর পাশাপাশি, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান রেখেই বারবার অনশন ভাঙার অনুরোধ করেছি। তবে তারা ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন কমিশন গঠনের আগে অনশন ছাড়তে নারাজ।”
তিনি আরও জানান, শনিবার (২৪ মে) দুপুর ২টায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।
এদিকে, আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জুলাই ঐক্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা।
দাবিগুলো এখন শুধুই তিনজন শিক্ষার্থীর না, বরং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর শিক্ষার্থীদের দাবিতে রূপ নিচ্ছে বলে মনে করছেন আন্দোলন পর্যবেক্ষণকারীরা।






