ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশবরেণ্য ১২ গীতিকবিকে নিয়ে ‘গীতিজীবন’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

দেশবরেণ্য ১২ গীতিকবিকে নিয়ে ‘গীতিজীবন’

দেশবরেণ্য ১২ জন গীতিকবির জীবনীভিত্তিক একটি গ্রন্থ লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর। তিনি এর নাম রেখেছেন ‘গীতিজীবন’। এতে রয়েছে গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল ও প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্য।

আজব প্রকাশের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ উপহার হিসেবে এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘গীতিজীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের চতুর্থ তলার মিলনায়তনে এই আয়োজনে অতিথি ছিলেন গীতিকবি মুনশী ওয়াদুদ ও লিটন অধিকারী রিন্টু। পরে যোগ দেন আরেক গীতিকবি কবির বকুল।

গীতিকবি মুনশী ওয়াদুদ মনে করেন– এমন গ্রন্থ বর্তমান প্রজন্মের জন্য তো বটেই, বাংলা সংগীত ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, ‘মাহমুদ মানজুর দিনের পর দিন খেটে আমাদের সঙ্গে কথা বলে তিল তিল করে অসম্ভব ধৈর্য নিয়ে এই অসাধ্য সাধন করেছেন। যেটি গ্রন্থের পাতাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট হয়। আমি গ্রন্থেটির একজন অংশীদার হতে পেরে সুখ বোধ করছি।’

একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেক কিংবদন্তি গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তিনি বলেন, ‘আমার জীবনের গল্প এই গ্রন্থে যেভাবে তুলে ধরেছেন লেখক, সেটি পড়লে আমি আবেগতাড়িত হয়ে পড়ি। কারণ, আমি নিজেও নিজের জীবনকে এভাবে উল্টে দেখিনি। লেখক এই গ্রন্থে যাদের জীবনচিত্র তুলে ধরেছেন, তারা প্রত্যেকেই বাংলা গানে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সম্পর্কেও অজানা তথ্য জানতে পারলাম। আমার বিশ্বাস, বাংলাদেশের সংগীত ইতিহাসের এক অসামান্য দলিল হয়ে থাকবে এই গ্রন্থ।’ বই নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন লেখক (ছবি: আজব প্রকাশ) ‘গীতিজীবন’ প্রসঙ্গে লেখক মাহমুদ মানজুর বলেন, ‘সংবাদমাধ্যম ও গীতিকবিতায় ২৫ বছর ধরে লিখছি। এরমধ্যে বছর তিনেক ধরে একটা দরকারি গ্রন্থ তৈরির তাগিদ অনুভব করলাম। যেটা কেউ আগে করেনি। সেই ভাবনা থেকে দেশের গুণী ১২ জন গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা চালিয়েছি। গীতিকবিদের নিয়ে এর ধারাবাহিকতা সামনেও রক্ষা করতে চাই।’

আজব প্রকাশের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও ‘গীতিজীবন’ পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে। প্রতিটি কপির দাম ৬০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন হামীম কেফায়েত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন