ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মানুষ গুম হয়েছে কিনা, জানেন না শেখ হাসিনা: আইনজীবী আমির হোসেন

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ এএম

মানুষ গুম হয়েছে কিনা, জানেন না শেখ হাসিনা: আইনজীবী আমির হোসেন

আওয়ামী লীগের শাসনামলে দেশে কোনো মানুষ গুম হয়েছে কিনা, তা জানেন না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই দাবি করেছেন তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আনুষ্ঠানিক অভিযোগ থেকে শেখ হাসিনার পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপর শুনানির সময় এ দাবি করেন তিনি। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি হয়।

শুনানিতে আমির হোসেন বলেন, প্রসিকিউশনের বক্তব্য হলো তিনি (শেখ হাসিনা) নাকি সব অপরাধের মা, সব অপরাধের সূতিকাগার। তাদের কথা অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশে সব গুম হয়েছিল। কোনো কোনো গুমে তাঁর সরাসরি নির্দেশনা ছিল। তবে এসব অভিযোগের লিখিত কিছু দেখাতে পারেনি প্রসিকিউশন। কারণ শেখ হাসিনা গুম বা অপহরণের নির্দেশ দেননি। দেশে কোনো গুম হয়েছে কিনা, তিনি জানতেন না। এ সময় ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ হিসেবে তিনি (শেখ হাসিনা) এ সব অপরাধের দায় এড়াতে পারেন কিনা?

জবাবে এই আইনজীবী বলেন, একটা দেশে বহু অপরাধের ঘটনা ঘটে। সবকিছু তো তাঁর (শেখ হাসিনা) নলেজে থাকবে না। এ ছাড়া, তাঁর সরকারের সময় গুম-নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। সবই প্রোপাগান্ডা। কেননা প্রসিকিউশন এই মামলায় দালিলিক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ফলে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে শেখ হাসিনা অব্যাহতি পেতে পারেন।

অভিযোগ গঠনের আদেশ রোববার

এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিন মামলার ১৭ আসামির মধ্যে শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ১০ সেনা কর্মকর্তা।

ট্রাইব্যুনালে উপস্থিত তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং সাতজনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তবারক হোসেন ভূঁইয়া। শেখ হাসিনার পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিরক্ষা-বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক পলাতক এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ ও কর্নেল আবদুল্লাহ আল মোমেনের পক্ষে ছিলেন আইনজীবী সুজাদ মিয়া।

গুমের মামলার আদেশ পেছাল

আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। এদিন এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও আদেশ না দিয়ে নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন