ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাশাপাশি ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
প্রতিবাদকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’ ইত্যাদি স্লোগান দেন।
এই কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ওই সময় এই ঘোষণা দেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ছুরিকাঘাতে আহত হয়ে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার আলম সাম্য মারা যান।






