পরীক্ষার খাতা অবমূল্যায়ন ও রাজনৈতিক ট্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন হয়েছে।
গতমাসের ১৬ ও ১৯ তারিখ ২দফায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ও বর্তমান ১০শিক্ষার্থী অধ্যাপক ফজলুল হালিমের বিরুদ্ধে খাতা অবমূল্যায়ন, ফলাফল জালিয়াতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন ও বিচার নিশ্চিতের দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পেশ করেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা পোশাক-পরিচ্ছদের ভিত্তিতে শিক্ষার্থীদের ‘শিবির’, ‘জঙ্গি’ বা রাজনৈতিকভাবে চিহ্নিতকরণ, বাবা-মায়ের পেশা, শিক্ষাগত যোগ্যতা ও ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন কটাক্ষ, অন্যায্য আচরণ, রাজনৈতিক ট্যাগ দিয়ে অপমান, খাতার অবমূল্যায়ন এবং মানসিক হয়রানিসহ নানারকমের অন্যায় ফ্যাসিস্ট আমল থেকে করে আসছেন তিনি।
অতীতে এসবের ভূক্তভোগী কেউ কেউ আত্মহত্যার চেষ্টাও করেছেন। জুলাই পরবর্তী সময়ে অনেক একাডেমিক সন্ত্রাসী শিক্ষক নিজেদের শুধরে নিলেও বদলাননি অধ্যাপক ফজলুল হালিম। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বার্তা বাজার/এস এইচ






