ছাত্রদলকে ফাঁকা মাঠে গোল দিয়েছে ছাত্রশিবির। ছাত্রশিবিরকে বিশেষ সুবিধা দিতেই নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়েছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে ছাত্র অধিকার ও ছাত্রশক্তি আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ছাত্রদল সময় নিয়ে মাঠ সাজাতে চেয়েছিলো, তবে ডিসেম্বরের ২২ তারিখের দিকে তাদের কর্মীরাই থাকবে কি না সন্দেহ। অপর দিকে ইসলামি ছাত্রশিবিরের কর্মীরা সংগঠনের অনুমতি ছাড়া স্টেশন ছাড়ে না।
তিনি আরও বলেন, পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে না। তবে আমরা জানি, একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঈদে বাড়িতে যায় না। তাদের ছুটি থাকে না। ছাত্রশিবিরকে সুবিধা দিতেই নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়েছে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, এ তফসিল ঘোষণাকে আমরা নিন্দা জানাচ্ছি। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন করতে এ তফসিল বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাবি, ২২ তারিখ বাতিল করে নির্বাচন বাতিল করে এটা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নিয়ে আসতে হবে।
এ সময় লিখিত দাবিতে তাঁরা তিনটি দাবি জানান, ২২ ডিসেম্বরের ঘোষিত তারিখ বাতিল করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে (সোম/মঙ্গল) নতুন তারিখ ঘোষণা করতে হবে; সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে এবং কমিশনের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ না থাকার নিশ্চয়তা দিতে হবে।
বার্তা বাজার/এমএমএইচ






